দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার বহুল আলোচিত ঘটনায় তদন্ত কমিটি বলেছে, রুটি তৈরির প্রতিষ্ঠান বা সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ মেলেনি। তদন্তে উঠে এসেছে, এক শিক্ষার্থী নিজের কাছে থাকা ব্লেড রুটির মধ্যে লুকিয়ে রেখেছিল।
বুধবার (২৯ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে জমা দেন।
ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত দল রুটি প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করে উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেছে। তাদের মতে, সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদিত রুটির ভেতরে অক্ষত একটি ব্লেড চলে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হয়। তদন্তে সংশ্লিষ্ট ছাত্রীর ব্যবহৃত ব্লেডও উদ্ধার করা হয়।
ইউএনওর ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রী তদন্তে স্বীকার করেছে যে, ব্লেডটি তার ব্যাগে ছিল। বিদ্যালয়ে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শাস্তির ভয়ে সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে অন্য এক শিক্ষার্থী সেটি দেখে ফেললে বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় সে নিজেই শ্রেণিশিক্ষককে জানায় যে রুটির মধ্যে ব্লেড পেয়েছে।
তদন্তে আরও বলা হয়, শ্রেণিশিক্ষক বিষয়টি যাচাই না করেই রুটির ছবি তুলে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে পাঠান। পরে সেটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, তথ্য-উপাত্ত যাচাই না করে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সরকারি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে শারমিন জাহানের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানিয়েছিলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুটি উৎপাদন করে। উৎপাদন প্রক্রিয়ায় ধাতব কোনো বস্তু থাকলে তা অক্ষত অবস্থায় রুটির ভেতরে থাকার সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটির মধ্যে ব্লেড পাওয়ার অভিযোগ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের পেছনে রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো দায় পাওয়া যায়নি।
যে আই